Corporate Sangbad
সারাদেশ

ফুলপুরে নিখোঁজের দুই দিন পর কৃষকের গলা কাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুই দিন পর নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে সাম্মত আলী (৫৫) নামের এক কৃষকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকালে ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকডাকিরকান্দা গ্রামে নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সাম্মত আলী। পরে পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।উদ্ধারের পর মরদেহটির গলা কাটা অবস্থায় দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।