Corporate Sangbad
সারাদেশ

সিরাজগঞ্জ তাড়াশে ইয়াবা ও চায়না চাকুসহ নারী আটক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন · সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকুসহ স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। স্মৃতি ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিনের মতো রবিবার রাতেও ঝুরঝুরি বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতি ইসলাম হাওয়াকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। এতে সন্দেহ হলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

পরে স্থানীয়দের উপস্থিতিতে তার শরীর তল্লাশি করে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু জব্দ করা হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা ও চাকুসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।