ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবরকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তার ব্যবসাপ্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।
এমন পরিস্থিতিতে নিজের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করায় শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এমএ জলিল অনন্ত। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে টিআরপি কিংবা আলোচনায় আসার উদ্দেশ্যে নানা কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের উদ্দেশেও নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান অনন্ত জলিল।
স্ট্যাটাসের শুরুতে পবিত্র কুরআনের দুটি আয়াত ও এর অর্থ উল্লেখ করেন এই অভিনেতা। তিনি লেখেন, ‘‘ইয়্যা-কা না'বুদু ওয়া ইয়্যা-কা নাস্তা'ঈন’’। অর্থ আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি।
অপর আয়াত উল্লেখ করেন, ‘‘হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।’’ অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।
এরপর যারা তাকে সমর্থন জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনন্ত জলিল লেখেন, “যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।”
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক বা টিআরপিভিত্তিক চর্চা নিয়ে তিনি বলেন, “আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি- যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন। আমিন।”
উল্লেখ্য, অনন্ত জলিল এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। সম্প্রতি ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় তাকে ও তার স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংকটির পক্ষ থেকে এ নোটিশ পাঠানো হয়।