রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক গঠিত ২ হাজার কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং হেড অব এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং (চলতি দায়িত্ব) ফারিহা হায়দার।
দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা প্রদানের মাধ্যমে এ খাতের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এ তহবিল গঠন করেছে। এ উদ্যোগের ফলে হিমায়িত খাদ্য খাতে অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হবে এবং দেশের রপ্তানি বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দেশব্যাপী বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের কাছে প্রয়োজনীয় ব্যাংকিং ও অর্থায়ন সুবিধা পৌঁছে দিতে কাজ করছে আইএফআইসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এ প্রাক্-অর্থায়ন তহবিলে অংশগ্রহণের ফলে রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে ব্যাংকটির অর্থায়নের পরিধি আরও বিস্তৃত হবে এবং দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে আইএফআইসি ব্যাংকের অবদান আরও জোরদার হবে।