Corporate Sangbad
সারাদেশ

নামাজ শেষে ব্যারাকে ফিরে অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের গৌরীপুরে এশার নামাজ শেষে থানার ব্যারাকে ফিরে রুকন মিয়া (৫৯) নামের এক পুলিশ সদস্য অসুস্থ হয়ে মারা গেছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে গৌরীপুর থানা ব্যারাকে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুকন মিয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার আশিয়ল গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে।

জানা গেছে, রুকন মিয়া ২০২৪ সালের ১৮ অক্টোবর গৌরীপুর থানায় যোগদান করেন। তিনি গৌরীপুর থানার ব্যারাকের চতুর্থ তলায় থাকতেন। সোমবার রাতে রুকন মিয়া গৌরীপুর থানা মসজিদে এশার নামাজ আদায় শেষে গৌরীপুর থানা ব্যারাকে ফিরে আসেন। এসময় শারীরিক অসুস্থতাবোধ করায় তিনি নেবুলাইজার গ্রহণকালে মেঝেতে লুটিয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সোমবার রাতে কনস্টেবল রুকন মিয়া থানার ব্যারাকে নেবুলাইজার গ্রহণকালে তিনি অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।