Corporate Sangbad
বিনোদন

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন · বিনোদন ডেস্ক

জীবন ও শিল্পকে এক সুতোয় বেঁধে নতুন পথচলা শুরু করলেন মঞ্চ ও টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী সুজাত শিমুল। জীবনসঙ্গী হিসেবে তিনি বেছে নিয়েছেন থিয়েটার ও আবৃত্তিকর্মী জান্নাতুন নেছা লিজাকে। গত ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তবে এই বিয়ের সবকিছু ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনা ও নজর কেড়েছে তাদের কাবিন বা দেনমোহরের অঙ্কটি। প্রচলিত লাখ লাখ টাকার দেনমোহরের প্রথা ভেঙে এই নবদম্পতি তাদের বিয়ের দেনমোহর নির্ধারণ করেছেন মাত্র ৯৯৯ টাকা।

অস্বাভাবিক ও ব্যতিক্রমী এই অঙ্কটি বেছে নেওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করে সুজাত শিমুল সংবাদমাধ্যমকে বলেন, “আমরা যখন বিয়ের সিদ্ধান্ত নিই, তখন ভাবছিলাম কাবিনটা হবে একটা ইউনিক নম্বর, যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। সেই প্রয়োজনীয়তার জায়গা থেকেই আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে আমরা যে ‘৯৯৯’-এ ফোন করি, সেখান থেকেই এই ধারণাটি আসে।”

দেনমোহরের এই সংখ্যার আরও একটি গভীর দার্শনিক তাৎপর্য রয়েছে বলে জানান এই অভিনেতা। তিনি বলেন, “৯৯৯ পাশাপাশি থাকলেও সংখ্যাটির পরের ঘরে একটি শূন্যস্থান রয়ে যায়। এটি মানুষের জীবনের অপূর্ণতার প্রতীক। মানুষের জীবন কখনোই পুরোপুরি পরিপূর্ণ হয় না; কোথাও না কোথাও কিছুটা ঘাটতি থেকেই যায়। এসব কারণে আমরা ট্রিপল নাইন বেছে নিয়েছি। একের জন্য পরিপূর্ণতা, অর্থাৎ সহস্রের যে ঘর, সেটি পূর্ণ হয়নি।”

এছাড়া পারিবারিক ব্যাকগ্রাউন্ডের দিক থেকেও সংখ্যাটির সঙ্গে বিশেষ সংযোগ রয়েছে। সুজাত শিমুলের শ্বশুর পুলিশে চাকরি করতেন, যা তাদের এই সংখ্যাটি পছন্দ করার পেছনে বাড়তি মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে ‘৯৯৯’ সংখ্যাটি তাদের কাছে অত্যন্ত অর্থবহ ও পছন্দের।

দেনমোহর নিয়ে সামাজিকভাবে প্রচলিত ধ্যান-ধারণা বদলাতে চান এই দম্পতি। এ বিষয়ে সুজাত শিমুল বলেন, “সবচেয়ে বড় যে বার্তাটি আমরা দিতে চেয়েছি, তা হলো—বিয়েতে কাবিন করতে গিয়ে এত লাখ টাকার যে রেওয়াজ, তাতে মনে হয় এটি নারী ও পুরুষের মাঝে কোনো বিনিময় কিংবা আস্থা-অনাস্থার বিষয়। অথচ নারী হিসেবে জান্নাতুন নেছার মাত্র ৯৯৯ টাকা কাবিনে বিয়ে করার সাহসটি প্রশংসনীয়। অনেক কিছু মিলেই এই ৯৯৯ টাকার ভাবনাটা এসেছে।”

এদিকে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় সবাইকে তাৎক্ষণিকভাবে নিমন্ত্রণ জানাতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা। তিনি জানান, আগামী ডিসেম্বরে সবাইকে সঙ্গে নিয়ে বড় পরিসরে মূল বিবাহোত্তর সংবর্ধনা বা আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

নবদম্পতির সুখ ও সমৃদ্ধিময় দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সুজাত শিমুল।