Corporate Sangbad
সারাদেশ

মমেক হাসপাতালের হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে সাত বছরের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট ৭৯ শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন ৫৪ শিশু ভর্তি হয়েছে, ফলে সেখানে চিকিৎসাধীন মোট শিশু সংখ্যা ১৩৮।

রোববার (১৮ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাড়ে ৭ বছরের একটি শিশুকে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাসেবা প্রদান করা হলেও, ভর্তির একদিন পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে শিশুটি হামের উপসর্গ, শক, তীব্র নিউমোনিয়া ও হৃদযন্ত্রের অকার্যকারিতায় মারা যায়।

ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান আরও বলেন, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৮ অক্টোবর সকাল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ৫ হাজার ২২২ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১ শিশু। এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট ৫ হাজার ৫ শিশু ছাড়া পেয়েছে।এ  চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য তিনটি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।