Corporate Sangbad
আইন-আদালত

ময়মনসিংহে সোহেল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬, ৫:২০ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে ধান নিয়ে বাড়ি ফেরার পথে কথাকাটাকাটিতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে সোহেলকে হত্যা মামলার রায়ে আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ জেলা দায়রা জজ আদালতের চতুর্থ অতিরিক্ত বিচারক ফারজানা আহমেদ এ রায় দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের দেয়া মামলার বিবরণ অনুযায়ী জানাযায়, ২০১১ সালের ২৮ মে ত্রিশালের কাহিহারী ইউনিয়নের বাগাদাড়িয়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে ধান নিয়ে বাড়ি ফেরার পথে আসামিদের সঙ্গে সোহেলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। এ সসয় গুরুতর আহত সোহেলকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় সোহেলের বাবা আব্দুল সালাম বেপারী ২০১১ সালের ২ জুন ত্রিশাল থানায় ২০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত চার আসামিকে দোষী সাব্যস্ত করে তাঁদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করের। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত চার আসামির মধ্যে আব্দুল সাত্তার বেপারী আদালতে উপস্থিত ছিলেন। তাঁর দুই ছেলে আলমগীর হোসেন আলম বেপারী ও রনি বেপারী এবং অপর আসামি আশিকুর রহমান আশিক পলাতক রয়েছেন। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা।