পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা-মদিনা আক্রান্ত হলে কোনো আপস হবে না। সৌদি আরব চাইলে সৈন্য পাঠাতে প্রস্তুত বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত বলেও জানান তিনি।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এনএসইউ ও বিজ আয়োজিত শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ–সৌদি আরব সম্পর্কের নতুন দিগন্ত শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।
পবিত্র মসজিদ ও স্থানের নিরাপত্তায় সৌদি আরবে বাংলাদেশি সেনা পাঠানোর কোনো পরিকল্পনা আছে কিনা-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পবিত্র স্থানগুলোর বিষয়ে প্রয়োজনীয় যেকোনো সহায়তা চাইলে বাংলাদেশ তা দিতে প্রস্তুত। তিনি বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা দেবে। মক্কা ও মদিনার বিষয়ে বাংলাদেশের কোনো আপস নেই।
মক্কা-মদিনা যে অঞ্চলে অবস্থিত এবং যেখানে বিপুল সংখ্যক মুসলমানের বসবাস, সেই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সবার জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার অভিজ্ঞতা জাতিসংঘসহ বিশ্বব্যাপী কাজে লাগানো সম্ভব।
প্রতিমন্ত্রী বলেন, শুধু শ্রম বাজার নয়, সৌদি আরব বাংলাদেশ সম্পর্ক বহুমুখীকরণ এখন সময়ের দাবি। দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বে নেয়া সম্ভব।
দুই দেশের সম্পর্ক বিষয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন আরও বলেন, দুই দেশের সম্পর্ক জ্বালানি, গ্রিন এনার্জি, নিরাপত্তা, ওষুধশিল্পসহ, নানা ক্ষেত্রে বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।
সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কল্যাণ, মর্যাদা ও অধিকার আমাদের সরকারের কাছে সবসময় অগ্রাধিকার পাবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রম নিয়োগ নিয়ন্ত্রণ এবং শ্রমিক ও নিয়োগকর্তাদের স্বার্থ রক্ষায় আমরা সৌদি আরবের সহযোগিতার প্রশংসা করি। আমরা চাই, আমাদের কর্মীদের কেবল শ্রমের উৎস হিসেবে না দেখে উন্নয়নের অংশীদার হিসেবে দেখা হোক।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে তিনি বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। খুব শিগগির কোনো এক সময়ে তিনি এ সফর করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মো. নজরুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন- বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ।