Corporate Sangbad
আন্তর্জাতিক

সৌদি আরবের ২ বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩, আহত ৩৬

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন ·

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। দুটি বিমানবন্দরে চালানো পৃথক এই হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। নিহত ৩ জনই বিদেশি নাগরিক এবং তাদের মধ্যে দুজন নারী।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মঙ্গলবার (৬ অক্টোবর) ও বুধবার (৭ অক্টোবর) আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এর মধ্যে আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হন। আর রিয়াদের বিমানবন্দরে হামলায় নিহত হন সুদানের এক নাগরিক।

সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হন। আহত হন আরও ২৮ জন। অন্যদিকে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হন। আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক।

জিএসিএ জানিয়েছে, ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে ‘পূর্ণ সমন্বয় ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে’ কাজ করছে তারা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, রিয়াদের উত্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি রাজধানীতে হামলা চালানোর কাজে ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মও ধ্বংস করা হয়েছে।

চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরের কাছে সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর জ্বালানি ট্যাংক ও অন্যান্য সরঞ্জামের চারপাশে নতুন খাঁচার মতো নিরাপত্তা বেড়া বসানো হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনী জানিয়েছিল, ইয়েমেন থেকে রিয়াদের বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া সন্দেহভাজন একটি হুতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করে ধ্বংস করেছে।