Corporate Sangbad
সারাদেশ

নান্দাইলে পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

নান্দাইলে নানাবাড়ি বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশু খালাতো ভাইবোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হল- নান্দাইলের চরবৈতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে রাফী (২) এবং শেরপুর ইউনিয়নের সংগ্রামখালী গ্রামের লাল মিয়ার আড়াই বছরের মেয়ে জান্নাত। সম্পর্কে তারা দু'জনই সংগ্রামখালী গ্রামের আব্দুল কাদিরের নাতি-নাতনি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে স্বজনদের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে শিশু দু'টি। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পেছনে অন্যদের সঙ্গে খেলাধুলা করছিল তারা। একপর্যায়ে সবার অজান্তে পাশে থাকা পুকুরে পড়ে যায় দুই শিশু।

দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে উঠলে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করেন। দুই শিশুর অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশী কামরুল ইসলাম মেম্বার বলেন, দুপুরের দিকে শিশু বাচ্চারা বাড়ির পাশেই খেলছিল। অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। ছোট শিশুদের প্রতি আরও বেশি নজর রাখার বিষয়ে সবার সচেতন হওয়া উচিত।

নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।