Corporate Sangbad
জাতীয়

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন ·

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, চট্টগ্রাম বিভাগে একজন ও বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি হয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২২০ জনের মৃত্যু হলো। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরে গত ২৬ দিনে ১২৮ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৫৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৯৪ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৬ জন।

প্রতিবেদন আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৬৪ জন। এর বাইরে খুলনা বিভাগে ৩২৯ জন, বরিশালে ২২৭ জন, চট্টগ্রামে ৩৪৫ জন, ময়মনসিংহে ১৩২ জন, রংপুরে ৭৩ জন এবং রাজশাহীতে ১৭৬ জন।