ময়মনসিংহের ফুলবাড়ীয়া ভীমরুলের কামড়ে দাদি ও তার দেড় বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাদিহাটি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে পুকুরপাড়ে গেলে হঠাৎ ভীমরুলের আক্রমণে গুরুতর আহত হন ৬২ বছর বয়সী দাদি সুমারি খাতুন ও তার কোলে থাকা দেড় বছর বয়সী নাতনি আদিবা। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অপর দিকে, সুমারি খাতুনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতদের নিকটাত্মীয় সামিউল মুশফিক এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরপাড় থেকে ভীমরুলের আক্রমনের শিকার হন তারা। পরে হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো যায়নি।