ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডাঃ মোঃ সেলিম উদ্দিন গত ২৪ ঘণ্টার সর্বশেষ আপডেটে এসব তথ্য জানান।
মৃত ব্যক্তি হলেন- ময়মনসিংহ নগরীর রামবাবু রোড এলাকার নরেন্দ্র সরকারের স্ত্রী খেলন সরকার (৬৫)। ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি সোমবার সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮২ পুরুষ, ৩৮ নারী ও ১০ শিশু। চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২ হাজার ৭০৬ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ মাইন উদ্দিন খান বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে।ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।