ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসীর ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনায় অভিযুক্ত পাঁচ আসামির বাড়িতে দিনের বেলা হামলা, ভাঙচুর ও রাতে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরআলগী ইউনিয়নের চরকালীবাড়ী এলাকায় অভিযুক্ত বখাটেদের বাড়িতে হামলা, ভাঙচুর ও রাতে অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। এর আগে সকালে স্থানীয় বাসিন্দারা মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে সড়কে মানববন্ধন করে সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আসামির বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও গুলোতে দেখা গেছে কয়েকটি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এর আগে সকালে অভিযুক্ত ৫ আসামির বাড়িঘরে ভাঙচুর চালায় এলাকাবাসী। তবে এ সময় স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা অভিযুক্ত আসামিদের পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে চরকালীবাড়ী এলাকার চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত যুবক শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২) একই এলাকার এক প্রবাসীর বাড়িতে প্রবেশ করে। তারা উঠানে থাকা প্রবাসীর ১৬ বছর বয়সি ছেলের কাছে পানি চায়। ছেলেটি ঘর থেকে পানি নিয়ে আসামাত্রই তাকে অস্ত্রের মুখে জিম্মি করে উঠানের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়।
পরবর্তী সময়ে আসামিরা ঘরে ঢুকে গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে বাড়ি নির্মাণের নগদ পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে। লুটপাটের পর ছেলের গলায় চাপাতি ধরে পাশের ঘরে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। এ সময় রাজিব নামের অভিযুক্ত যুবক মুঠোফোনে ধর্ষণের দৃশ্য ভিডিও করে এবং তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা চাঁদা না দিলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে ডাকাতেরা চলে গেলে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যে রাজিব নামের এক আসামিকে গ্রেফতার করেছে।
এদিকে বখাটেদের এমন নৃশংসতায় এলাকায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী দুজনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। বিকেলে অন্য তিন আসামির বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময়ে চরকালীবাড়ী সড়কে সর্বস্তরের মানুষের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা পলাতক অন্য চার আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।