Corporate Sangbad
বিনোদন

মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন · বিনোদন ডেস্ক

মুক্তির এক বছর আগেই গিনেস রেকর্ড বুকে নাম লেখাল দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন ও নির্মাতা অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। প্রযুক্তিগত উৎকর্ষের জেরে ছবিটি ‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে এই বিরল গৌরব অর্জন করেছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবর জানায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ছবির শুটিং চলাকালীন একটি দৃশ্যে একসঙ্গে রিয়েল টাইমে ৩৭ জন শিল্পীকে মোশন ক্যাপচার করা হয়, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য নজির। গত ১৫ সেপ্টেম্বর প্রযোজনা সংস্থা ‘সান পিকচার্স’-এর উপস্থিতিতে পরিচালক অ্যাটলি এবং নায়ক অল্লু অর্জুনের হাতে গিনেস রেকর্ডের প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।

RAKA

মজার বিষয় হলো, অ্যাটলির জন্মদিনেই এসেছে এই বিশ্বরেকর্ডের ঘোষণা। বিশেষ দিনটিতে পরিচালককে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি সাদা-কালো ছবি পোস্ট করেন আল্লু অর্জুন। ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়।

এই অর্জনে দারুণ উচ্ছ্বসিত অল্লু অর্জুন। সংবাদমাধ্যমকে তিনি জানান, আমাদের পুরো টিমের জন্য এটি অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। পরিচালক অ্যাটলির দূরদর্শিতা ও নিখুঁত নির্দেশনা এবং সবার অক্লান্ত পরিশ্রম ছাড়া এই সাফল্য আসত না। পাশাপাশি, এত বড় একটি প্রজেক্টে আস্থা রাখার জন্য তিনি ‘সান পিকচার্স’সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

পরিচালক অ্যাটলি বলেন, ছোটবেলা থেকেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কথা শুনে এসেছি, তবে নিজেরা এমন রেকর্ড গড়ব কখনো ভাবিনি। একটিমাত্র শুটিং সেশনে ৩৭টি চরিত্রকে মোশন-ক্যাপচারে একত্রিত করার স্বীকৃতি পাওয়া সত্যিই দারুণ এক অনুভূতি। বড় স্বপ্ন দেখে সবাই মিলে একসঙ্গে কাজ করলে অসম্ভবও সম্ভব হয়। এই অর্জনের জন্য তিনি ঈশ্বর ও পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিনেমাটির ঘোষণার সময়ই নির্মাতারা জানিয়েছিলেন, ‘রাকা’র ভিএফএক্স ও মোশন ক্যাপচারের কাজে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ প্রযুক্তিবিদদের যুক্ত করা হয়েছে। সিনেমাটির ভিএফএক্স টিমে কাজ করছেন ‘আয়রন ম্যান টু’ ও ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’-এর মতো সিনেমায় কাজ করা ভিএফএক্স সুপারভাইজার জেমস ম্যাডিগান। এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ের একাধিক খ্যাতনামা প্রযুক্তিবিদ যুক্ত রয়েছেন প্রকল্পটির সঙ্গে।

আগামী বছর মুক্তি পাওয়ার কথা থাকা এই মেগা প্রজেক্টটিতে অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকেও দেখা যাবে।