Corporate Sangbad
জাতীয়

তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরও ৫ দিন বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকাজ শেষ না হওয়ায় কমিটির আহ্বায়কের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কমিটির মেয়াদ আরও ৫ কার্যদিবস বাড়ানো হয়। যদিও হাসপাতাল প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর অগ্নিকাণ্ডের ঘটনার পরদিন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম স্বাক্ষরিত এই কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসকে দ্বিতীয় ও উপবিভাগীয় প্রকৌশলী মাজেদুর রহমানকে তৃতীয় সদস্য করা হয়েছিল।

কিন্তু এই কমিটি নিয়ে সমালোচনা হওয়ায় ১৬ সেপ্টেম্বর আগের তদন্ত কমিটি বাতিল করে নতুন ছয় সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়। এই কমিটিতেও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে প্রধান এবং হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খানকে সদস্যসচিব করা হয়।

নতুন তদন্ত কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে- অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন, ঘটনায় সংশ্লিষ্ট কারও গাফিলতি থাকলে তা চিহ্নিত করা, প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নির্ধারণ, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়।

প্রসঙ্গত,গত ১৪ সেপ্টেম্বর বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটতলা ভবনের ১১ নম্বর লিফটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের পর হাসপাতালের বিভিন্ন তলা থেকে রোগী ও স্বজনদের অনেকে আতঙ্কে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে হতাহত হন।

এ ঘটনায় চারজনের মৃত্যুর তথ্য সামনে এলেও হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন তা নাকচ করে আসছে। চারজনের মধ্যে দু'জন স্বাভাবিকভাবে মারা গেছেন এবং দু'জন আগুনের আতঙ্কে মারা গেছেন। তবে নিহতদের স্বজনদের পক্ষ থেকে আগুনের আতঙ্কে হুড়োহুড়ি ও পদদলিত হয়ে মৃত্যু হয়েছে বলে জানান।

তদন্ত কমিটির সদস্যসচিব ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কমিটির নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। এ কারণে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়া আরও পাঁচ কার্যদিবস সময় বাড়ানোর জন্য গতকাল লিখিতভাবে আবেদন করেন। কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও পাঁচ কার্যদিবস বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে তদন্তের বাকি কাজগুলো সম্পন্ন করে প্রতিবেদন প্রস্তুত করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, তদন্তের অংশ হিসেবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী ছিল, কোথাও কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা ছিল কি না, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না- এসব বিষয় গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।

তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মাইনউদ্দিন খান বলেন, তদন্ত এখনো চলমান রয়েছে। কমিটির সদস্যরা বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করছেন। তদন্ত শেষ হওয়ার আগে এর কোনো অংশ বা খণ্ডিত তথ্য প্রকাশ করা সমীচীন হবে না। তদন্তের কাজ সম্পূর্ণ হওয়ার পর কমিটির সদস্যরা সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রতিবেদন চূড়ান্ত করবেন। তাই এই মুহূর্তে তদন্তের অগ্রগতি বা কোনো নির্দিষ্ট বিষয়ে খণ্ডিতভাবে কিছু বলা যাবে না বলেও জানান তিনি।