Corporate Sangbad
সারাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক)হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশু এবং ডেঙ্গু জ্বরে
আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ৭৩ শিশু এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হলো।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো পৃথক সামারিতে এসব তথ্য জানানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯ শিশু। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১১৬ শিশু।

চলতি বছরের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪ হাজার ২৯২ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৪ হাজার ১০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মারা গেছে ৭৩ শিশু।

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুটির বয়স সাড়ে তিন বছর। গত ৬ সেপ্টেম্বর তাকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোজাম্মেল হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শেরপুর সদর উপজেলার ইদ্রিস আলীর ছেলে। গত ১৯ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোজাম্মেল। পরে ২০ সেপ্টেম্বর ভোররাত সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের ডেঙ্গু সামারি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২৪ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে পুরুষ ৬৬ জন, নারী ৪৬ জন ও শিশু ১১ জন।

চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে মোট ২ হাজার ৪৬২ জন ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছে ২১ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান হামের উপসর্গে শিশু ও ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।