Corporate Sangbad
রাজনীতি

৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন · সিরাজগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের আন্দোলন কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। দেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষায় এই আন্দোলন চলছে। সরকার ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়ন করলে তারা তা মেনে নেবেন। তবে দাবি না মানলে ৮ দফার আন্দোলন অনতিবিলম্বে ১ দফার আন্দোলনে রূপ নেবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেন, গাড়িতে করে আসার সময় রাজপথে জনগণের মধ্যে বিপ্লবের গর্জন শুনেছেন। সাধারণ মানুষ হাতের এক আঙুল তুলে এক দফার স্লোগান দিচ্ছেন। তিনি সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আন্দোলন সফল করেই তারা ঘরে ফিরবেন।

তিনি আরও বলেন, তারা ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাচ্ছেন। তবে প্রয়োজনে সিরাজগঞ্জ থেকে ঢাকায় লংমার্চ করার জন্যও প্রস্তুত থাকতে হবে।

জেলা জামায়াতের আমির শাহিনুর আলমের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী প্রমুখ।