Corporate Sangbad
সারাদেশ

তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের তারাকান্দায় সরকারি লাইসেন্স ও অনুমোদন ছাড়া ইউরিয়া সার মজুত করে উচ্চমূল্যে কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তারাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়।

এ ঘটনায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাঘবেড় গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে হারেজ মিয়া (৪০), ধোবাউড়া উপজেলার আলীপুর গ্রামের মো. কোরবান আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার বাঘবেড় গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে সজীব হাসানের (২৫) নামে মামলা দায়ের করেছে পুলিশ।

মামলার প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী জানা গেছে, তারাকান্দা থানাধীন মোজাহারদী গাছতলা বাজার এলাকায় ময়মনসিংহগামী আঞ্চলিক মহাসড়কের শীতল বেকারির সামনে থেকে সারগুলো জব্দ করা হয়। জব্দ করা সারগুলোর মধ্যে ৩৪০ বস্তা ইউরিয়া সার রয়েছে। প্রতি বস্তার মূল্য ১ হাজার ২৫০ টাকা হিসাবে জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা।

পুলিশ জানায়, সরকারি অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়া এসব ইউরিয়া সার মজুত করে পরবর্তীতে উচ্চমূল্যে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

মামলার বাদী তারাকান্দা থানা পুলিশের এসআই মো. আলাল উদ্দিন বলেন, জব্দ করা সার ও সংশ্লিষ্টদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।