Corporate Sangbad
জাতীয়

পুরনো কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গঠন করা পাঁচ সদস্যের তদন্ত কমিটি বাতিল করে ছয় সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নতুন কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নতুন কমিটিতে হাসপাতালের ইউনিট প্রধান (মেডিসিন) অধ্যাপক ডা. গোলাম রহমানকে সভাপতি এবং হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খানকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (দক্ষিণ)-এর নির্বাহী প্রকৌশলী, হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ খন্দকার মো. আনোয়ার হোসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।

হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছয় সদস্যের এই কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো ব্যক্তির গাফিলতি থাকলে তা উদ্ঘাটন, প্রয়োজনীয় সুপারিশ, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় এবং অগ্নিকাণ্ডে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ সার্বিক বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নতুন তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগে হাসপাতালে অগ্নিকাণ্ডের দিন সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। পরদিন মঙ্গলবার পৃথক তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। ওই কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানকে আহ্বায়ক করা হয়।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় লিফট কন্ট্রোল রুম অতিরিক্ত গরম হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করে ফায়ার সার্ভিস। ঘটনার সময় আগুন ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকে। পরে ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন ও ধোঁয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।কিন্তু এই অগ্নিকাণ্ডের হতাহতের ঘটনা ঘটে।