Corporate Sangbad
কর্পোরেট

বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন ·

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি পিএলসি বিমার প্রিমিয়াম ও প্রযোজ্য ফি পরিশোধ আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে একটি চুক্তি করেছে। এর মাধ্যমে চার্টার্ড লাইফের গ্রাহকেরা ইউসিবির ডিজিটাল চ্যানেলের পাশাপাশি ব্যাংকটির বিভিন্ন সেবা কেন্দ্রের মাধ্যমে প্রিমিয়াম ও প্রযোজ্য ফি পরিশোধ করতে পারবেন।

চুক্তির আওতায় চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের পলিসিহোল্ডাররা ইউসিবি ওয়ান ইন্টারনেট ব্যাংকিং, ইউসিবির পেমেন্ট গেটওয়ে ও অন্যান্য নিরাপদ ডিজিটাল চ্যানেলের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। পাশাপাশি ইউসিবির শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটেও এই সুবিধা পাওয়া যাবে।

ইউসিবির হোলসেল ব্যাংকিং ডিভিশনের আওতাধীন ট্রানজ্যাকশন ব্যাংকিং (টিবি) সেবার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সুবিধার সঙ্গে ইউসিবির বিস্তৃত সেবা নেটওয়ার্ক যুক্ত করে চার্টার্ড লাইফের প্রিমিয়াম সংগ্রহের প্রক্রিয়া আরও কার্যকর করা হবে। একই সঙ্গে পলিসিহোল্ডারদের জন্য প্রিমিয়াম পরিশোধও সহজ হবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউসিবির হোলসেল ব্যাংকিংয়ের উপব্যবস্থাপনা পরিচালক সুফিয়া আক্তার এবং চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি পিএলসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স প্রধান জীশান কিংশুক হক উপস্থিত ছিলেন। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি পিএলসির প্রধান আর্থিক কর্মকর্তা আবু আহমদ কবির, এসিএমএ (ইউকে), সিজিএমএ।

এই অংশীদারত্বের মাধ্যমে করপোরেট গ্রাহক ও তাঁদের সংশ্লিষ্ট অংশীজনদের জন্য সমন্বিত ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবা আরও বিস্তৃত করতে চায় ইউসিবি। ব্যাংকটির ‘ওয়ান ব্যাংক, ওয়ান টিম’ ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের জন্য কার্যকর ও সহজ ব্যাংকিং সুবিধা নিশ্চিত করাও এই উদ্যোগের লক্ষ্য।