Corporate Sangbad
সারাদেশ

ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ সদর থেকে চিকিৎসা শেষে স্বামীর সাথে মোটরসাইকেলের চেপে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ সদরের চুরখাই পাঁচরাস্তার মোড়ে স্পিড ব্রেকারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ট্রাকচাপায় সাদিয়া আফরিন ইভা (৩৪) নামের সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চুরখাই পাঁচরাস্তার মোড়ে পৌঁছানোর আগে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আফরিন ইভা ভালুকা পৌর শহরের মেহেদী হাসানের স্ত্রী। তিনি ভালুকার একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক পরীক্ষা করাতে স্বামী মেহেদী হাসানের মোটরসাইকেলে করে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে যান সাদিয়া। পরীক্ষা শেষে ফেরার পথে তিনি মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। চুরখাই পাঁচরাস্তার মোড়ে পৌঁছানোর আগে একটি স্পিড ব্রেকারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে তিনি সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল আলম বলেন, সড়কের ওই স্পিড ব্রেকারে সাদা কোনো চিহ্ন ছিল না। ফলে স্পিড ব্রেকারটি দেখতে না পেয়ে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাদিয়া পড়ে যান। এরপর ট্রাকচাপায় তিনি মারা যান। তবে তার স্বামী মেহেদী হাসানের কোনো শারীরিক ক্ষতি হয়নি।

এসআই রাকিবুল আলম আরও বলেন, নিহতের স্বজনেরা বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করলে তা তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।