দেশের ৬৪ জেলায় সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ে দুই মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন সংস্থাটির প্রকল্প পরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই প্রশিক্ষণে ফ্রি কোর্সের পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন যাতায়াত ও খাবার বাবদ ২০০ টাকা করে ভাতা পাবেন অংশ নেওয়া প্রার্থীরা।
আবেদনের যোগ্যতা:
বয়স: ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস।
তারিখ ও সময়সূচি: আগামী ১ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
লিখিত পরীক্ষা: ২৬ সেপ্টেম্বর।
মৌখিক পরীক্ষা: ২৭ সেপ্টেম্বর।
চূড়ান্ত ফলাফল প্রকাশ: ২৯ সেপ্টেম্বর।
পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি পরবর্তীতে সফল প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক ধারণা এবং ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। দেশের ৮টি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
আবেদন করবেন যেভাবে
প্রথমে যুব উন্নয়ন অধিদপ্তরের নির্দিষ্ট প্রজেক্ট পোর্টাল dydaiproject.com-এ প্রবেশ করুন। হোমপেজে থাকা "Apply Now" বা "অনলাইনে আবেদন করুন" বাটনে ক্লিক করুন। এরপর আপনার নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখুন। তারপর আপনার এসএসসি (SSC) ও এইচএসসি (HSC) পরীক্ষার বিবরণ (রোল, রেজিস্ট্রেশন, বোর্ড ও জিপিএ) ইনপুট দিন।
এরপর আপনি যে জেলার স্থায়ী বাসিন্দা, ড্রপডাউন মেনু থেকে সেই জেলা ও সংশ্লিষ্ট প্যাকেজটি সিলেক্ট করুন। আপনার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্পষ্ট স্বাক্ষর স্ক্যান করে বা পরিষ্কার ছবি তুলে নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করুন। তারপর সবকিছু পুনরায় চেক করে "Submit" বাটনে ক্লিক করুন। আবেদন সফল হলে স্ক্রিনে একটি কনফার্মেশন ও ট্র্যাকিং নম্বর পাবেন, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে : https://surl.li/donzvr