Corporate Sangbad
সারাদেশ

চট্টগ্রামে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন · নিজস্ব প্রতিবেদক

বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারের ঈদগাঁওয়ে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা মনজুর আলমের সন্তান মিমতা (১৮) ও মোর্শেদ (২৫)। নিহত অপর দুজন হলেন মিমতা ও মোর্শেদের ফুফা ফিরোজ (৬০) এবং গাড়িচালক মুন্না (৪০)। 

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত হন আরও ছয় জন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত ফেরদৌস আলমের আত্মীয় মো. ওমর ফারুক জানান, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজন একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহ এলাকায় ফিরছিলেন। পথে শিকলবাহা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।