ময়মনসিংহে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় সাত বছরের শিশুসহ আহত হয়েছে আরও পাঁচজন। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর আকুয়া বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ফুলবাড়িয়া উপজেলার সোনিয়া (২৪)ও একই উপজেলার মোঃ সাদেক আলী (২৭। সাদেক আলী জেলার ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামের আব্দুল খালেকের ছেলে। আহত শিশুর নাম সাজিদ। সে নিহত সোনিয়ার ছেলে। গুরুতর আহত অটোরিকশাচালকের নাম হারুন।
নিহত দুইজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) আল আমিন।
তিনি বলেন, সাদেক আলীর একজন আত্মীয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাকে দেখতে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন সাদেক। অটোরিকশাতে চালক ছাড়াও আরও চারজন যাত্রী ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে আকুয়া বাইপাস মোড় পর্যন্ত আসতেই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও পাঁচজন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেক আলীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।