Corporate Sangbad
অর্থ-বাণিজ্য

অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬'

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন ·

‘এএফআই মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ এবং ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ হিসেবে সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত ৩ সেপ্টেম্বর পাপুয়া নিউ গিনির পোর্ট মোরেসবিতে অনুষ্ঠিত অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) গ্লোবাল পলিসি ফোরামে (জিপিপি) বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কার দু’টি গ্রহণ করেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। 

বৃহস্পতিবার (১০ আগস্ট)  বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এএফআইয়ের মায়া ডিক্লারেশন কমিটমেন্টের আওতায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) প্রতিবছর আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে স্বনির্ধারিত লক্ষ্যমাত্রা গ্রহণ করে। এসব লক্ষ্যমাত্রার উল্লেখযোগ্য অংশ অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে ‘মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়। এর আগে ২০২৫ সালেও বাংলাদেশ ব্যাংক এ পুরস্কার অর্জন করে।

একই সঙ্গে জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স এবং এএফআইয়ের ডেনারাউ অ্যাকশন প্ল্যানের লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি ও উদ্ভাবনী পদক্ষেপের মাধ্যমে নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংককে ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ হিসেবে সম্মাননা দেওয়া হয়।

এএফআই আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে নীতি নির্ধারণী ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে ৮২টি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও আর্থিক খাতের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাসহ ৮৯টি প্রতিষ্ঠান এর সদস্য।

প্রতিবছর এএফআই আয়োজিত জিপিপিতে আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদানের জন্য সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এবারের ফোরামে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, নীতিনির্ধারক এবং আর্থিক অন্তর্ভুক্তির সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনসহ ৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন।