Corporate Sangbad
জাতীয়

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়া অত্যন্ত অপ্রত্যাশিত: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১২ অপরাহ্ন ·

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়াকে ‘অস্বস্তিকর’ ও অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, দুই দেশের সম্পর্ক ইতিবাচক রাখতে ভারত সরকারের উচিত তাকে রাজনৈতিক বক্তব্য বা সাক্ষাৎকার দেওয়া থেকে বিরত রাখা। এ বিষয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিশ্চিত করেছেন যে তার আর আপিল করার সুযোগ নেই। তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের মাধ্যমেই সরকার তার লক্ষ্য পূরণ করতে চায়।

এ সময় তিনি ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে প্রশ্ন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ কোনো স্বাভাবিক রাজনৈতিক দল নয়, বরং একটি ‘মাফিয়া গ্যাং’ এবং তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনাও নেই। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

অন্যান্য সমসাময়িক বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে উপদেষ্টা জানান, ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত কোনো বৈষম্য সৃষ্টির জন্য নয়, বরং দক্ষ প্রশাসনিক জনবল নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, তুন বোয়িং বিমান কেনার ক্ষেত্রে এককালীন অর্থ পরিশোধ করতে হচ্ছে না, বরং দীর্ঘ সময়ে ধাপে ধাপে পেমেন্ট পরিশোধ করা হবে। প্রয়োজনে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের ‘এয়ারবাস’ থেকেও বিমান কেনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

অন্তর্বর্তী সরকারের আমলের দীর্ঘসূত্রিতার সমালোচনা করে ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, দেড় বছর সময় পাওয়া সত্ত্বেও বিগত সময়ে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বা বিকল্প জ্বালানি ব্যবস্থাপনায় সুদূরপ্রসারী সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে বর্তমান সরকারকে দ্রুততম সময়ে জনগণের সাময়িক ক্রাইসিস কমাতে চীনের সাথে চুক্তিসহ জরুরি পদক্ষেপ নিতে হচ্ছে।

বিশ্বব্যাপী সম্ভাব্য দীর্ঘস্থায়ী ‘এল নিনো’ আবহাওয়া পরিস্থিতির আশঙ্কার কথা উল্লেখ করে উপদেষ্টা আরও জানান, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে খাদ্য উৎপাদন ব্যাহত হতে পারে। তবে বর্তমানে দেশে ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে খাদ্যের সর্বোচ্চ মজুদ রয়েছে। সম্ভাব্য খাদ্য সংকট সামাল দিতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।