Corporate Sangbad
জাতীয়

দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন ·

বিদেশে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ করার ও বিদেশী বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে প্রতিনিধিদলটি দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। 

যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন এ প্রতিনিধিদলের নেতৃত্বে দেন। তাঁরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জনান।  

রাষ্ট্রপতি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদ বিরোধী ও গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার আন্দোলনে যুক্তরাজ্য প্রবাসীসহ বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের অর্থ, শ্রম ও মেধা দিয়ে অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশ ও জাতি প্রবাসীদের এই অবদান ও ভূমিকা চিরদিন স্মরণ রাখবে।  

সাক্ষাতকালে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী প্রতিনিধিদল বিমানবন্দরে হয়ারানি, ভোটদানের অধিকারসহ ব্যবসায়িক ও নাগরিক বিভিন্ন সুবিধা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মহামান্য রাষ্ট্রপতি বলেন, প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়াতে  সরকার ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। প্রবাসীদের পূর্ণাঙ্গ সেবা ব্যবস্থা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য প্রবাসী কার্ড চালু করেছে। সরকার প্রাসীদের কল্যাণে অগ্রাধিকার দিয়ে আরো কাজ করবে বলে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি আরো বলেন, বাংলাদেশের প্রতিনিধি হিসেবেই আপনারা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন। আপনারা দেশের ইতিবাচক ভাবমূর্তি বিদেশে তুলে ধরবেন। প্রবাসীদের রেমিট্যান্স দেশের আর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি উল্লেখ করে রাষ্ট্রপতি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।