Corporate Sangbad
অর্থ-বাণিজ্য

দেশের বাজারে ফের কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন ·

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০টাকা।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি  নতুন এ দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৯৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

এর আগে গত ২৯ আগস্ট ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ৭ হাজার ১১৫ টাকা। এরপর ৩১ আগস্ট এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় আরও ৪ হাজার ৩৭৪ টাকা। সব মিলিয়ে তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমল ১৫ হাজার ৮৬৩ টাকা।

এর আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছিল ১০ হাজার ৯৬৪ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৭৮২ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৯৩ টাকা কমিয়ে ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলংকার বিনিময় ও ক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।