Corporate Sangbad
সারাদেশ

এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন ·

সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এনায়েতপুরের কেজির মোড় এলাকায় যুবদল কার্যালয়ে এনায়েতপুর থানা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু সিকদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির নেতা নুরুল ইসলাম মাস্টার, আব্দুল খালেক শেখ, ছানোয়ার ব্যাপারী, সাইদুল ইসলাম, নজরুল ইসলাম লেবু, এম এ কাশেম এবং যুবদল নেতা জাহিদ হোসেন জহুরুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকার কথা তুলে ধরেন। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানানো হয়।

পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীদের সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় এনায়েতপুর থানা বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।