Corporate Sangbad
সারাদেশ

শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন ·

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার সদস্য।

সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে বিমানবাহিনীর সদস্যদের বহনকারী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল। দুর্ঘটনায় আহত বিমানবাহিনীর চার সদস্য হলেন-  সিনিয়র অফিসার আবুল খায়ের, এলএসি রিফাত উল্লাহ, এলএসি শাহজাদা, অপারেটর আহাদ। তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর থানার ইন্সপেক্টর (অপারেশন) শরীফ হোসেন জানান, থার্ড টার্মিনালের ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে বিমান বাহিনীর পিকআপভ্যানটি নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ১০টা ২০ এর দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালনকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের ২য় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত এবং চার সদস্য আহত হন।