Corporate Sangbad
বিনোদন

বিয়ে করলেন মিষ্টি জান্নাত

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন · বিনোদন ডেস্ক

বিয়ে করেছেন ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত বিয়ে। সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে নববধূর সাজে তিনটি ছবি প্রকাশ করে বিয়ের খবরটি জানিয়েছেন তিনি। 

লাল লেহেঙ্গা ও ভারী গয়নায় নববধূর সাজে ছবি পোস্ট করে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।’

এরপর গণমাধ্যমের কাছে বিয়ের খবর নিশ্চিত করলেও স্বামীর পরিচয় নিয়ে রেখেছেন রহস্য।

মিষ্টি জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে নাম, ছবি কিংবা বিস্তারিত পরিচয় এখনই প্রকাশ করতে চান না অভিনেত্রী।

বিয়ে কবে, কোথায়—এমন প্রশ্নেও সরাসরি উত্তর দেননি তিনি। শুধু জানিয়েছেন, বাংলাদেশেই তাদের বিয়ে হয়েছে। আর বিয়েটি প্রেমের নাকি পারিবারিকভাবে—সেই প্রশ্নে অবশ্য কোনো রহস্য রাখেননি মিষ্টি। জানিয়েছেন, তাদের বিয়ে হয়েছে ভালোবেসেই।

তবে কবে থেকে প্রেম, কবে বিয়ে—এসব তথ্য আপাতত গোপনই থাকছে। মিষ্টির যুক্তি, সবকিছু একসঙ্গে প্রকাশ করে দিলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না।

তাহলে কি স্বামীকে সারাজীবন আড়ালেই রাখবেন? মিষ্টির উত্তর, এমন কোনো পরিকল্পনা নেই। সময় হলেই স্বামীকে সবার সামনে আনবেন তিনি। এমনকি মজা করে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও জানিয়েছেন অভিনেত্রী।

মিষ্টি আরও জানিয়েছেন, তাদের বিয়েটি হুট করে হয়নি। বেশ আগেই বিয়ে করেছেন তারা। তবে ব্যক্তিগত কিছু কারণে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন।

এদিকে বিয়ের খবর প্রকাশের পেছনে রয়েছে অন্য গল্পও। মিষ্টির দাবি, প্রেম ও বিয়ে নিয়ে নানা ধরনের মানুষের নানা আচরণে তিনি বিরক্ত হয়ে উঠেছিলেন। কেউ ফোন করে দেখা করতে চাইতেন, কেউ আবার বিদেশে গিয়ে দেখা করার প্রস্তাব দিতেন। এমনকি সরাসরি প্রেমের প্রস্তাবও পেতেন তিনি।

একপর্যায়ে এসব ঘটনায় বিরক্ত হয়ে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। মিষ্টির মতে, একজন অভিনেত্রী হলেই তাকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়ার বিষয়টি মোটেও স্বাভাবিক নয়।

তবে বিয়ে করলেও এখনও পুরোপুরি সংসারী জীবনে ঢুকে পড়েননি মিষ্টি। অভিনেত্রীর ভাষ্য, বিয়ে হলেও তাদের বিবাহিত জীবন এখনও পুরোপুরি শুরু হয়নি। আপাতত নিজের মতো করেই সময় কাটাচ্ছেন তিনি।