Corporate Sangbad
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন ·

শিক্ষার্থী-উদ্যোক্তাদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রাপ্রেনার অ্যাওয়ার্ডস (জিএসইএ) বাংলাদেশের ১১তম আসরের আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রেনেসাঁ ঢাকা গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়।

ব্যবসায়িক পরিকল্পনা নয়, বরং যেসব শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সফলভাবে নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন, তাঁদের জন্যই এই আয়োজন।

এই আয়োজনের উদ্দেশ্য সেই শিক্ষার্থীদের একটি মঞ্চে দাঁড় করানো। তাঁরা নিজেদের ব্যবসা উপস্থাপন করেন এমন বিচারকদের সামনে, যাঁরা নিজেরাই প্রতিষ্ঠান পরিচালনা করেন — সঙ্গে থাকে জাতীয় গণমাধ্যম এবং দেশের উদ্যোক্তাদের উপস্থিতি। শিক্ষার্থী-উদ্যোক্তাদের জন্য এমন পরিচিতি পাওয়ার সুযোগ সচরাচর থাকে না, অথচ ঠিক এই সময়েই তা সবচেয়ে বেশি কাজে লাগে।

জাতীয় পর্যায়ে বিজয়ী দক্ষিণ এশিয়ার জন্য নির্ধারিত জিএসইএ আঞ্চলিক ফাইনালে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। সেখান থেকে উত্তীর্ণরা যান জিএসইএ গ্লোবাল ফাইনালসে, যেখানে সেরা তিনটি স্থানের জন্য মোট ১ লাখ মার্কিন ডলার পুরস্কার রয়েছে — এর মধ্যে প্রথম স্থানের জন্য ৫০ হাজার ডলার। দেশে চ্যাম্পিয়ন পাচ্ছেন কাঠামোবদ্ধ সহায়তা, গণমাধ্যমে পরিচিতি, ইও নেটওয়ার্কে প্রবেশাধিকার এবং ৫ লাখ টাকা।

গত আসরে ৫৮ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন, চ্যাম্পিয়ন হন খুলনা বিশ্ববিদ্যালয়ের মো. রেজওয়ানুল ইসলাম শুভ, ইকো সেন্টিনেলস বাংলাদেশের প্রতিষ্ঠাতা। ১০ম আসরটি টেলিভিশনেও রূপ পায় — বঙ্গ বিডি প্রযোজিত চারটি পর্ব ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে একুশে টেলিভিশনে সম্প্রচারিত হয়। স্পার্ক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের চেয়ারম্যান ও জিএসইএ বাংলাদেশের সাবেক কো-চেয়ার তানাজ্জুল আয়মান পূর্ণী কেপটাউনে অনুষ্ঠিত জিএসইএ গ্লোবাল ফাইনালসে বিশ্ব ফাইনালিস্টদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের মূল শর্তগুলো হলো:

• শিক্ষাগত যোগ্যতা: চলতি শিক্ষাবর্ষে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে (খণ্ডকালীনসহ) অধ্যয়নরত হতে হবে।
• মালিকানা: ব্যবসাটির মূল প্রতিষ্ঠাতা বা মালিক হতে হবে।
• সময়কাল: ব্যবসাটি কমপক্ষে ৬ মাস ধরে চালু থাকতে হবে।
• আর্থিক মাপকাঠি: ব্যবসা থেকে ন্যূনতম ৫০০ মার্কিন ডলার আয় অথবা ১,০০০ মার্কিন ডলার (প্রায় ৬০,০০০ টাকা) বিনিয়োগ থাকতে হবে।
• বয়সসীমা: উদ্যোক্তার বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৭ নভেম্বর ২০২৬, শনিবার পর্যন্ত eobangladesh.org/gsea ঠিকানায় আবেদন করতে পারবেন।

সময়সূচি

সেপ্টেম্বর ও অক্টোবর জুড়ে ক্যাম্পাস কার্যক্রম চলবে, নভেম্বরে সেমিফাইনাল এবং জানুয়ারি ২০২৭-এ জাতীয় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-ইও বাংলাদেশের সভাপতি আজরা সেলিম, জিএসইএ বাংলাদেশের চেয়ার কিম্বর্লি হান্না কাজী, সাবেক চেয়ার মোস্তফা কামরুস সোবহান এবং সাবেক কো-চেয়ার তানাজ্জুল আয়মান পূর্ণীসহ ইও বাংলাদেশের সদস্য ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। ২০২৬-২৭ আসরের জিএসইএ বাংলাদেশ কমিটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ তারেকুজ্জামান ও তাহমিনা আফরোজ তান্না।

বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন: eobangladesh.org/gsea অথবা ফলো করুন ইনস্টাগ্রামে @gsea_eobangladesh এবং ফেসবুকে GSEA EO Bangladesh পেজ।