Corporate Sangbad
কর্পোরেট

আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন ·

গৃহঋণ সুবিধা আরও সহজলভ্য ও গ্রাহকবান্ধব করতে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং এবিসি রিয়েল এস্টেটের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে আবাসন ও অর্থায়ন সেবাকে সমন্বিত করে সম্ভাব্য ফ্ল্যাট ক্রেতাদের জন্য আরও সহজ, সাশ্রয়ী ও সুবিধাজনক গৃহঋণ সমাধান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই অংশীদারিত্বে আইপিডিসি ফাইন্যান্সের গ্রাহককেন্দ্রিক গৃহঋণ সেবা ও অর্থায়ন দক্ষতার সঙ্গে এবিসি রিয়েল এস্টেটের আবাসন খাতের অভিজ্ঞতার সমন্বয় ঘটবে। এর ফলে মানসম্মত আবাসন কিনতে আগ্রহী ব্যক্তি ও পরিবারগুলো আরও সহজে অর্থায়ন সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

গত ২৫ আগস্ট আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের পক্ষে হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম, হেড অব ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শহিদুল ইসলাম, হেড অব মর্টগেজ মেহেদী মাহমুদ খান এবং মেট্রোপলিটন সেলস বিভাগের হেড অব হোম লোন মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন। এবিসি রিয়েল এস্টেটের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক সৌগত ঘোষ  এবং সেলস বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন।

এই অংশীদারিত্বের আওতায় এবিসি রিয়েল এস্টেটের নির্বাচিত প্রকল্পের সম্ভাব্য ক্রেতারা আইপিডিসি ফাইন্যান্সের বিশেষায়িত গৃহঋণ সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। প্রযোজ্য শর্তসাপেক্ষে গ্রাহকদের জন্য বিশেষ মূল্যছাড়, প্রতিযোগিতামূলক সুদের হার এবং ঋণ প্রক্রিয়াকরণে বিশেষ সুবিধাও দেওয়া হতে পারে। পাশাপাশি গ্রাহকদের কাছে আবাসন ও অর্থায়ন সুবিধার তথ্য সহজে পৌঁছে দিতে দুই প্রতিষ্ঠান যৌথ প্রচারণা ও গ্রাহক সম্পৃক্ততা কার্যক্রম পরিচালনার বিষয়ে কাজ করবে।

দুই প্রতিষ্ঠান যৌথ প্রচারণা ও গ্রাহক সম্পৃক্ততা কার্যক্রমের মাধ্যমে তাদের আবাসন ও অর্থায়ন সুবিধা সম্পর্কে গ্রাহকদের আরও সচেতন করার উদ্যোগ নেবে। আবাসন সুবিধার সঙ্গে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী অর্থায়ন সেবার সমন্বয়ের ফলে বাড়ি কেনার পুরো প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছন্দ হবে। ফলে সম্পত্তি নির্বাচন থেকে শুরু করে অর্থায়ন পর্যন্ত প্রতিটি ধাপে গ্রাহকরা একটি সমন্বিত ও ঝামেলামুক্ত সেবা পাবেন।

আইপিডিসি ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “সহজলভ্য ও গ্রাহককেন্দ্রিক অর্থায়ন সুবিধার মাধ্যমে মানুষের নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণকে সহজ করাই আইপিডিসির অন্যতম অঙ্গীকার। এবিসি রিয়েল এস্টেটের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আবাসন ও অর্থায়ন সেবাকে আরও কার্যকরভাবে একত্রিত করা সম্ভব হবে। আমরা আশা করি, এর মাধ্যমে আরও বেশি মানুষ তাদের কাঙ্ক্ষিত বাড়ি কেনার ক্ষেত্রে সহজ ও সুবিধাজনক অর্থায়ন সুবিধা পাবেন।”

এবিসি রিয়েল এস্টেটের পরিচালক শৌগত ঘোষ বলেন, “মানসম্মত আবাসন ও অর্থায়ন সুবিধাকে গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করতে আইপিডিসি ফাইন্যান্সের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। আমাদের আবাসন খাতের অভিজ্ঞতা ও আইপিডিসির অর্থায়ন সক্ষমতার সমন্বয়ের মাধ্যমে ক্রেতারা তাদের সম্পত্তি কেনার পুরো প্রক্রিয়ায় আরও বেশি সুবিধা ও নির্ভরযোগ্যতা পাবেন বলে আমরা আশা করি।”

এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য আবাসন নির্বাচন থেকে অর্থায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আরও সহজ করার পাশাপাশি দেশের আবাসন খাতে আরও গ্রাহকবান্ধব অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে দুই প্রতিষ্ঠান কাজ করবে।