Corporate Sangbad
বিনোদন

বিয়ে করলেন ৪ সন্তানের বাবা অর্জুন রামপাল! পাত্রী কে?

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন · বিনোদন ডেস্ক

বিয়ে করলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। শুক্রবার (২১ আগস্ট) ৫৩ বছর বয়সে গোয়ায় দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেতা। 

২০১৮ সাল থেকে সম্পর্কে রয়েছেন অর্জুন এবং দক্ষিণ আফ্রিকার মডেল গ্যাব্রিয়েলার। দুই সন্তানের জন্মও দিয়েছেন তাঁরা। ২০১৯ সালে অরিকের জন্ম হয়, ২০২৩ সালে অরব আসে তাঁদের কোলে। তবে তাঁদের বাগ্‌দানের কথা আগেই একটি পডকাস্টে এসে জানিয়েছিলেন যুগল।

একেবারে সাদামাঠা পোশাকে রেজিস্ট্রারের অফিসে পৌঁছে যান তারকা যুগল। পরনে ছিল না বিয়ের সাজ। ছিল না আড়ম্বরের কোনও চিহ্ন। শুক্রবার বিকেল ৪টে নাগাদ সেখানে পৌঁছে আইনি ভাবে বিয়ে করে নেন তাঁরা। নবদম্পতির যে ছবি সমাজমাধ্যমে ঘুরছে, তাতে দেখা যাচ্ছে, সাদা ঘরোয়া পোশাকে বিয়ে করে পোজ় দিয়েছেন তাঁরা।

গোয়ার পানাজির কাছে থাকেন নবদম্পতি। যদিও বিয়ের শংসাপত্র এখনও হাতে আসেনি। স্থানীয় আইন অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মাঝে ১৫ দিন অপেক্ষা করার নিয়ম রয়েছে, তবে তাঁরা আদালতের বিশেষ অনুমতি নিয়ে এই নিয়মটি এড়িয়ে সে দিনই সই করেন। বিয়ের ১৫ দিন পর তারা মূল সার্টিফিকেটটি হাতে পাবেন।

তবে গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের আগে অর্জুনের বিয়ে হয়েছিল সুপারমডেল মেহর জেসিয়ার সঙ্গে। ১৯৯৮ সালে বিয়ে করেন তাঁরা। তাঁদের দুই কন্যা, মাহিকা এবং মায়রা। মাঝেমধ্যে সমাজমাধ্যমে চোখ রাখলে দেখা যাবে, চার সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতা। মেহর এবং অর্জুন দুই সন্তানের জন্য সুসম্পর্কে রয়েছেন বলেই জানা যায়।
সূত্র- আনন্দবাজার।