সাবেক শিক্ষা মন্ত্রী ও সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে তার মৃত্যু হয়। মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বুধবার (১৯ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
তিনি বলেন, পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন তিনি। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
তৌফিক নেওয়াজের জানাজা এবং দাফন কোথায় কখন হবে সে বিষয়ে পরিবারের সদস্যরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এখন পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানান গাজী ফয়সাল।
এদিকে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ড. দীপু মনি। স্বামীর মৃত্যুতে তার প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
তিনি বলেন, বুধবার (১৯ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হবে।