Corporate Sangbad
বিনোদন

৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ৭:১০ অপরাহ্ন · বিনোদন ডেস্ক

নতুন পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা অনুদান দেবে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশন (অ্যাডফা)। 

অ্যাডফা ও অ্যাসেন কমিউনিকেশনের যৌথ আয়োজনে শুরু হচ্ছে ‘অ্যাডফা শর্ট ফেস্ট-সিজন-১’। ‘দিস ইজ ইউর শট’ ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই উদ্যোগে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকল্প নির্বাচন করা হবে। নির্বাচিত প্রতিটি প্রকল্পের নির্মাণে নির্ধারিত প্রোডাকশন ফান্ড দেওয়ার পাশাপাশি নির্মাতারা অ্যাডফার মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা ও অ্যাডফার ম্যানেজিং কমিটির সদস্য শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘এই ফেস্টের লক্ষ্য আমাদের কমিউনিটির নির্মাতাদের মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ তৈরি করা। আমাদের গল্প ও প্রতিভার অভাব নেই, প্রয়োজন সুযোগ ও সহযোগিতা। অ্যাসেনের সঙ্গে এই উদ্যোগে আমরা নতুন কণ্ঠ ও নতুন গল্প খুঁজে বের করে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে পর্দায় নিয়ে আসতে চাই।’

আয়োজকদের তথ্য অনুযায়ী, অ্যাডফা কমিউনিটির যোগ্য নির্মাতারা এককভাবে কিংবা দলগতভাবে একটি করে প্রকল্প জমা দিতে পারবেন। তবে প্রস্তাবিত চলচ্চিত্র অবশ্যই কাহিনিনির্ভর হতে হবে এবং এর দৈর্ঘ্য হতে হবে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে।

গল্পের ভাষার ক্ষেত্রেও থাকছে না কোনো বাধ্যবাধকতা। বাংলা, ইংরেজি কিংবা বাংলাদেশের যেকোনো আঞ্চলিক ভাষায় প্রকল্প জমা দেওয়া যাবে। একইভাবে চলচ্চিত্রের বিষয় বা ঘরানার ক্ষেত্রেও থাকছে না নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা।

আবেদনের জন্য একটি পিডিএফ ফাইলে জমা দিতে হবে চলচ্চিত্রের শিরোনাম, সর্বোচ্চ ৫০ শব্দের লগলাইন, ১ হাজার শব্দের মধ্যে পূর্ণাঙ্গ গল্প বা সিনপসিস, সর্বোচ্চ ৩০০ শব্দের ডিরেক্টরস নোট, জনরা, সম্ভাব্য দৈর্ঘ্য এবং আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য। চাইলে এর সঙ্গে ভিজ্যুয়াল রেফারেন্স ও নির্মাতার আগের কাজের লিংকও যুক্ত করা যাবে।

প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে গল্পের মৌলিকতা, নির্মাতার নিজস্ব দৃষ্টিভঙ্গি, গল্প বলার দক্ষতা, সিনেমাটিক সম্ভাবনা এবং নির্ধারিত বাজেট ও সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।

নির্বাচিত পাঁচ নির্মাতা প্রোডাকশন ফান্ডের পাশাপাশি অ্যাডফার মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ফলে নতুন নির্মাতাদের জন্য নিজেদের গল্প, ভাবনা ও নির্মাণশৈলী তুলে ধরার গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে এই আয়োজন। ‘অ্যাডফা শর্ট ফেস্ট-সিজন-১’-এ আবেদনের শেষ সময় ৩ সেপ্টেম্বর ২০২৬।