Corporate Sangbad
জাতীয়

সরকারের অর্জন ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন ·

গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, সরকারের এই ১৮০ দিনের পথচলা জনগণের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রত্যক্ষ প্রতিফলন।

দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সরকারের গত ছয় মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।

মাহদী আমিন বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণের ভোটাধিকার ও ক্ষমতা সুনিশ্চিত হয়েছে। জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক এই সরকার গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করে।”

বৈষম্যবিরোধী আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী দেড় দশকের সংগ্রামের ধারাবাহিকতায় গঠিত এই সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল জনস্রোত এবং নির্বাচনপরবর্তী বিভিন্ন কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে—এ দেশের মানুষই সরকারের ক্ষমতার একমাত্র উৎস।”

সরকারের নির্বাচনী ইশতেহার ও জনকল্যাণমূলক উদ্যোগ

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, ভোট গ্রহণের পরপরই নির্বাচনী ইশতেহার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’, বিএনপির ২৭ দফা এবং যুগপৎ আন্দোলনের ৩১ দফার আলোকে কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়।

এর অংশ হিসেবে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১৩ লাখ কৃষক পরিবারের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা হয়। এ ছাড়া কৃষকদের জন্য 'কৃষক কার্ড', নারীদের জন্য 'ফ্যামিলি কার্ড', প্রবাসীদের জন্য 'প্রবাসী কার্ড', ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের জন্য সম্মানী ভাতা এবং দেশজুড়ে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি পুনরুজ্জীবিত করা হয়েছে।

পবিত্র রমজান ও ঈদে কৃত্রিম সিন্ডিকেট রোধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস সুনিশ্চিত করার পাশাপাশি অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পাওনা পরিশোধে সম্প্রতি ২ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা ও শাসনব্যবস্থায় সংস্কার
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এর ফলস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভ্রমণ সতর্কতার দ্বিতীয় ধাপে উন্নীত করেছে। এ ছাড়া আলোচিত বিভিন্ন মামলার দৃশ্যমান অগ্রগতিসহ আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে।

শিক্ষা, প্রযুক্তি ও যোগাযোগ খাতে উন্নয়ন
তরুণ সমাজ ও শিক্ষা খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, শিক্ষাক্রম সংস্কার, মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল ও ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সংসদে উপস্থিতির সুযোগসহ বিভিন্ন ক্রীড়া ও উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকায় ২০০টি ইলেকট্রিক বাস এবং এআই ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পররাষ্ট্রনীতি ও জ্বালানি নিরাপত্তা
জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানির সাথে ফলপ্রসূ আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ওপর ভিত্তি করে বর্তমান সরকার একটি মর্যাদাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক, নিরাপদ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে আশাবাদ ব্যক্ত করেন মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়ালসহ প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারা।