Corporate Sangbad
সারাদেশ

ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে মহাসড়কের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারীর মুখমণ্ডল ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল সকাল পৌনে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান,মঙ্গলবার ভোর থেকে রহমতগঞ্জ মোড় এলাকায় বৃষ্টি হচ্ছিল। ওই সময় সড়কে লোকজনের চলাচলও তুলনামূলক কম ছিল। ফলে নারীর মৃত্যুর ঘটনাটি কেউ প্রত্যক্ষ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, গত তিন থেকে চার দিন ধরে ওই নারীকে রহমতগঞ্জ এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তিনি একা একা কথা বলতেন বলে স্থানীয়রা জানান। তবে তাঁর পরিচয় বা পারিবারিক অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, মহাসড়ক পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘটনাটি প্রত্যক্ষদর্শী না থাকায় মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, প্রাথমিকভাবে ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।