Corporate Sangbad
রাজনীতি

চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ৪:১৬ অপরাহ্ন · সিরাজগঞ্জ প্রতিনিধি

দলীয় শৃঙ্খলাভঙ্গ, উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধরে জড়িত থাকা এবং চাঁদাবাজিসহ দুটি মামলায় অভিযুক্ত হওয়ার অভিযোগে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের সব দলীয় পদ স্থগিত করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

শনিবার (৮ আগস্ট) সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই মো. আজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তিনি লিখিত জবাব দাখিল করেন। তবে জেলা বিএনপির মূল্যায়নে তার দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সব দলীয় পদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. আজাদ হোসেন বিএনপির কোনো দলীয় পদ বা দায়িত্ব পালন করতে পারবেন না।