Corporate Sangbad
শেয়ারবাজার

বছরের প্রথমার্ধে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৭.৬ শতাংশ

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন ·

দেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শক্তিশালী আর্থিক ফলাফল অর্জন করেছে। এ সময় প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা (Net Profit After Tax) আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০ কোটি ৭০ লাখ টাকায় পৌঁছেছে।

অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও, আইপিডিসি ফাইন্যান্স সুশাসন, বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং কার্যকর ব্যবসায়িক কৌশলের মাধ্যমে স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট ঋণ পোর্টফোলিও দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৭ কোটি ৪০ লাখ টাকা। একই সময়ে ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় মোট আমানত ৭.৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৭১৬ কোটি ৬০ লাখ টাকায় উন্নীত হয়েছে, যা গ্রাহকদের অব্যাহত আস্থা এবং প্রতিষ্ঠানের শক্তিশালী তহবিলভিত্তির প্রতিফলন। এ সময় আইপিডিসির মোট পরিচালন আয়ের প্রায় ৬০ শতাংশ এসেছে মূল অর্থায়ন কার্যক্রম থেকে, যা টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অবস্থানকে আরও শক্তিশালী করে। পাশাপাশি সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য বিনিয়োগ বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানের বিনিয়োগ পোর্টফোলিও বেড়ে ১ হাজার ৫৩৪ কোটি ১০ লাখ টাকায় পৌঁছেছে।

২০২৬ সালের প্রথমার্ধে আইপিডিসি ফাইন্যান্সের মোট সুদ আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৮৮ কোটি ৯০ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে নিট সুদ আয় ২২.৫ শতাংশ বেড়ে ১১৬ কোটি ৮০ লাখ টাকায় উন্নীত হয়েছে। শুধু দ্বিতীয় প্রান্তিকেই নিট সুদ আয় ছিল ৫৮ কোটি ৭০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২.৬ শতাংশ বেশি। বিনিয়োগ থেকে আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে ৭৮ কোটি ৬০ লাখ টাকায় পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৩৯.২ শতাংশ বেশি।

এসব ইতিবাচক প্রবৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটির মোট পরিচালন আয় ২৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০৬ কোটি ৪০ লাখ টাকায় উন্নীত হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে পরিচালন আয় ছিল ১১২ কোটি ২০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ শতাংশ বেশি। একই সঙ্গে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (Net Operating Cash Flow per Share) ৮.১২ টাকা থেকে বেড়ে ১২.০২ টাকায় উন্নীত হয়েছে। শেয়ারপ্রতি আয় (EPS) ০.৩৫ টাকা থেকে বেড়ে ০.৪৮ টাকায় দাঁড়িয়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) ছিল ১৭.০১ টাকা, যা ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছিল ১৭.০০ টাকা।

আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “গ্রাহকদের আস্থাই আমাদের প্রধান শক্তি, আর সেই আস্থা ধরে রাখাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। তাই সুশাসন, বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং মানসম্মত সেবার মাধ্যমে আমরা প্রতিদিন সেই আস্থার মর্যাদা রক্ষা করতে কাজ করছি। একই সঙ্গে গ্রাহক, অংশীজন এবং সমাজের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব তৈরি করাই আমাদের লক্ষ্য।”

আইপিডিসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, “আমাদের এ আর্থিক ফলাফল আইপিডিসির শক্তিশালী ব্যবসায়িক ভিত্তি এবং সঠিক ব্যবসায়িক পরিকল্পনারই ফল। আমাদের পরিচালন আয়ের বড় অংশই এসেছে ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থায়নের মূল কার্যক্রম থেকে। আমরা দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার পাশাপাশি টেকসই প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যায় এমন আর্থিক সেবা দিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”