Corporate Sangbad
আইন-আদালত

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন ·

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৫ জুলাই এ মামলার রায়ের দিন ধার্য করা হয়। আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাকে দুদকে তলব করা হয়। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।  

মামলার তথ্য অনুযায়ী, এসকে সুর ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদের হিসাব বিবরণীর নোটিশ জারি করা হয়। ২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন তিনি। তবে আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।

নির্ধারিত এই সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় একটি মামলা করেন। 

তদন্ত শেষে গত বছরের ২৫ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। পরে ৬ নভেম্বর তার বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে সাতজন সাক্ষীর মধ্যে সাতজনেরই সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে দুদক। ওইদিন তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।