Corporate Sangbad
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ৩:০১ অপরাহ্ন ·

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ওইদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এদিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব এবং জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর ফলাফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। ফল সংগ্রহ ও দেখার নিয়মাবলি পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষায় বসে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।
 
গত ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান থাকলেও এ বছর নির্ধারিত সময় পার হয়ে গেছে।