Corporate Sangbad
জাতীয়

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ৩:১১ অপরাহ্ন · নিজস্ব প্রতিবেদক

পদত্যাগের ২ দিনের মাথায় সরকারি বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন তিনি।

বঙ্গভবন থেকে সাবেক রাষ্ট্রপতির গাড়িবহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৮টি গাড়ি ছিল। দুপুর থেকেই বিভিন্ন গণমাধ্যমকর্মীরা বঙ্গভবনের সামনে অপেক্ষায় ছিলেন। উৎসুক জনতাও বঙ্গভবনের সামনের রাস্তায় জড়ো হন। দুপুর থেকেই বঙ্গভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে।

এর আগে, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার। 

সংবিধান অনুযায়ী, পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি দায়িত্ব পালন করলেন তিন বছর তিন মাস।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশ নেন। পদত্যাগের মাধ্যমে গত শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে তার। এবার বঙ্গভবন ত্যাগের মধ্যদিয়ে সরকারি বাসভবনে তার অবস্থানেরও সমাপ্তি ঘটল।

মো. সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। এরপর গত ২৪ জুলাই পদত্যাগ করেন তিনি। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।