Corporate Sangbad
খেলাধুলা

মাত্র ৪০ দিনের টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল শিল্পকে বিপদে ফেলা হচ্ছে

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১২:৩০ অপরাহ্ন · স্পোর্টস ডেস্ক

২০৩০ সালের ফিফা বিশ্বকাপকে ৬৪ দলে সম্প্রসারণ করার সম্ভাবনার তীব্র সমালোচনা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। ইতালীয় ক্রীড়া দৈনিক 'লা গাজ্জেত্তা দেলো স্পোর্ত'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন এবং ফিফার বর্তমান কার্যপ্রণালীকে "দায়িত্বজ্ঞানহীন" বলে অভিহিত করেছেন।  

সাক্ষাৎকারে তেবাস স্পষ্টভাবে জানান যে, বিশ্ব ফুটবলের বর্তমান কাঠামোগত ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি রয়েছে, যার কারণে ইনফান্তিনো টানা এক দশক ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব ধরে রাখতে পেরেছেন। তাঁর মতে, ফিফার এই একপেশে ও ত্রুটিপূর্ণ ব্যবস্থার সুযোগেই সবকিছু নিজেদের ইচ্ছামতো পরিচালনা করছে ফিফা, যা ফুটবলের বৃহত্তর স্বার্থের পরিপন্থী।  

বিশ্বকাপের দল বাড়ানোর পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে লা লিগা সভাপতি বলেন, "ফুটবল শিল্প মানেই কেবল বিশ্বকাপ নয়, টুর্নামেন্টটি যতই গুরুত্বপূর্ণ হোক না কেন। সবকিছু কেবল একটি টুর্নামেন্টকে কেন্দ্র করে চলতে পারে না।" তিনি আরও যোগ করেন, মাত্র ৪০ দিনের একটি প্রতিযোগিতার জন্য এবং অল্পসংখ্যক খেলোয়াড়ের স্বার্থে পুরো ফুটবল শিল্পকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, অথচ এই বিশাল শিল্পখাত হাজার হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে।

উল্লেখ্য, গত জুনে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ইনফান্তিনো ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপকে ৬৪ দলে সম্প্রসারণের বিষয়ে আলোচনা চলছে বলে ইঙ্গিত দিয়েছিলেন। উল্লেখ্য, ২০৩০ সালের এই ঐতিহাসিক বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করার কথা রয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কোর। পাশাপাশি টুর্নামেন্টের কয়েকটি ম্যাচ দক্ষিণ আমেরিকার তিন দেশ—প্যারাগুয়ে, উরুগুয়ে এবং আর্জেন্টিনাতেও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল (CONMEBOL) এই ৬৪ দলের টুর্নামেন্ট আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে।  

ম্যাচের অতিরিক্ত সূচি বা ফিফা উইন্ডোর কারণে এমনিতেই ঘরোয়া লিগগুলো চাপে রয়েছে উল্লেখ করে তেবাস বলেন, "প্রতিযোগিতার সূচি ও ম্যাচজট নিয়ে আমরা বারবার উদ্বেগ প্রকাশ করে আসছি। আর এখন তারা ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চাচ্ছে। এটি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।"  

দেশীয় লিগগুলোর গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "মূলত দেশীয় লিগগুলোই এই খেলাটিকে বাঁচিয়ে রেখেছে এবং সচল রেখেছে। আমাদের প্রয়োজন জাতীয় দলের ম্যাচের সংখ্যা কমানো এবং সব স্তরে দেশীয় ফুটবলকে আরও বেশি সুরক্ষা দেওয়া। কিন্তু ফিফা বিষয়টি বুঝতে পারছে না এবং সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীনভাবে একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে।"