Corporate Sangbad
সারাদেশ

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইনারীসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবেদা খাতুন (৩৫), সিলা আক্তার (২৫) ও দেবরাস ঘোষ (৩৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় ট্রাকটি যাওয়ার সময় একটি অটোরিকশাকে চাপা দেয়।এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবেদা খাতুন ও সিলা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিব্বিরুল আহমেদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’