Corporate Sangbad
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা, দেখবেন যেভাবে

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন ·

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ করা হয়েছে। রবিবার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বৃত্তির ফল। ওইদিন দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। এ লক্ষে বুধবার (৮ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রস্তুতও করা হয়। পরবর্তীতে প্রস্তুতকৃত ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করতে প্রয়োজনীয় লিংক তৈরির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে দায়িত্ব দেয়া হয়। সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগে যেন ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করা না হয় সে জন্য তাকে নির্দেশনা দেয়া হয়।

তবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই বৃহস্পতিবার সকাল ১০টায় ওয়েব পোর্টালে ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওই লিংকগুলোয় আপলোড করা হয়। যেখান থেকে সাধারণ ব্যবহারকারীরা ফলাফল সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। বিষয়টি প্রকাশ্যে আসলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে শুক্রবার (১০ জুলাই) এ ঘটনায় সংশ্লিষ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়। সবশেষ শনিবার আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশের তারিখ জানাল কর্তৃপক্ষ।

যেভাবে জানা যাবে বৃত্তি পরীক্ষার ফল

ফলাফল প্রকাশের পর পরই তা অনলাইনে এবং শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ রয়েছে। এক্ষেত্রে যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক) থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে সহজেই ফলাফল জানা যাবে।

মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে — 

DPE <স্পেস> রোল নম্বর এবং তা পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

(উদাহরণ: শিক্ষার্থীর রোল নম্বর যদি ১২৩৪৫৬ হয়, তবে লিখতে হবে— DPE 123456 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল চলে আসবে।)

মোবাইল ফোন এসএমএস ছাড়াও ঘরে বসে কম্পিউটারে বা স্মার্টফোনে ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। এর জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল আইপেমিস ওয়েবসাইটে (ipemis.dpe.gov.bd) প্রবেশ করতে হবে।

সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশনটি নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, নিজ জেলা এবং উপজেলার নাম সঠিকভাবে ইনপুট দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে মার্কশিটসহ ফলাফল চলে আসবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ এপ্রিল থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়। পরীক্ষার নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে। এরমধ্যে ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি দেয়া হবে ৩৩ হাজার শিক্ষার্থীকে। আর সাধারণ বৃত্তি পাবে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী। যেখানে ‎ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা পাবেন।