জাতীয় পরিচয়পত্র সংশোধনে শুধু ‘ঘ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া এনআইডির অন্যান্য সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসি।
ইসির কর্মকর্তারা জানান, ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’, ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করবেন মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার (৬ জুলাই) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।
সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য জাতীয় পরিচয়পত্র সংশোধনের ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ব্যতীত নির্বাচনী প্রশিক্ষণ ইসস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’, ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’
চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ক্যাটাগরির আবেদনসমূহ নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ের নিম্নরূপ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ দায়িত্ব পালন করবেন।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সহকারী থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা।
‘ক’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা।
‘খ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা।
‘খ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা।
‘গ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
এছাড়া অনলাইনে আবেদনযোগ্য আবেদনসমূহ হার্ডকপিতে গ্রহণ করা হবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।