ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) সদস্য, শিক্ষার্থী, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং পেশাজীবীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর বিআইএম ভবনে ‘Mastering Bancassurance: Strategy, Compliance and Business Development’ শীর্ষক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন আইসিএসবি-এর সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী। প্রশিক্ষণের উদ্বোধন করেন আইসিএসবি-এর কাউন্সিল সদস্য ও ট্রেনিং কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস। তিনি সময়োপযোগী এই প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং রিসোর্স পারসনদের পরিচয় করিয়ে দিয়ে প্রশিক্ষণের মূল উদ্দেশ্য তুলে ধরেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি এর ফ্যাকাল্টি মেম্বার মোঃ আবুল কালাম আজাদ; বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর সদস্য (লাইফ) মোঃ আপেল মাহমুদ; ঢাকা বিশ্ববিদ্যালয় এর ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ এর প্রফেসর ড. হাসিনা শেখ এবং ঋদ্ধ ব্যাংকার ও ইস্টার্ন ব্যাংক পিএলসি এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।
প্রশিক্ষণে ব্যাংকঅ্যাস্যুরেন্সের নিয়ন্ত্রক কাঠামো ও সাধারণ বীমা পণ্য, জীবন বীমার ধারণা, বাংলাদেশের বীমা খাতের বর্তমান প্রেক্ষাপট ও ব্যাংকঅ্যাস্যুরেন্সের মৌলিক বিষয়াবলি এবং নৈতিক গ্রাহকসেবার মাধ্যমে আস্থা প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণ সেশন শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রশ্নের উত্তর দেন আলোচকরা।
অনুষ্ঠানে আইসিএসবি-এর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য ও শিক্ষার্থী ছাড়াও দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন আইসিএসবি-এর প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস।
আইসিএসবি সম্পর্কে
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক প্রণীত চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০-এর মাধ্যমে প্রতিষ্ঠিত একটি পেশাগত প্রতিষ্ঠান। বাংলাদেশে চার্টার্ড/কোম্পানি সেক্রেটারী পেশার উন্নয়ন, প্রসার এবং নিয়ন্ত্রণে এটি একমাত্র স্বীকৃত পেশাগত প্রতিষ্ঠান। দেশে কর্পোরেট সুশাসনের উৎকর্ষ সাধনে আইসিএসবি সর্বোচ্চ পেশাগত প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।